সরকারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিদ্যমান নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের জন্য আবারও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার (২৯ জুলাই) মাউশির জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। এর সঙ্গে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য সরকার নির্ধারিত নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকা লঙ্ঘন সরকারি আচরণবিধি পরিপন্থী। অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্যও হানিকর হতে পারে। এছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন দফতর এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।
এমএইচ/এএইচ




