২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া জনপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বিলম্ব ফিসহ মোট ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, কেবল অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে নিবন্ধনের সুযোগ পাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। এর বাইরে বয়স হলে তারা রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত হবে না।
রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য জমা দেওয়ার আগে ভর্তি ফরমের সঙ্গে সব তথ্য যাচাই-বাছাই করবে এই কমিটি। কোনো ধরনের তথ্যগত ভুল হলে প্রতিষ্ঠানপ্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায় বহন করবেন। পাশাপাশি রেজিস্ট্রেশনের কোনো পর্যায়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার নির্দেশও দেওয়া হয়েছে।
বিভাগ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও মানবিক, বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণ করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা এ-সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা দিতে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে বোর্ডে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ‘বঝওঋ’ পূরণ করা যাবে।
এম/এএইচ




