জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গবেষণা কার্যক্রমে উৎসাহ দিতে মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ জন গবেষককে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার গবেষণা খাতে প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) এর মাধ্যমে অনুদানের অর্থ গবেষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণার কোনো বিকল্প নেই। তাই শিক্ষা ও গবেষণায় আরও বেশি গুরুত্ব দিতে হবে। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার গবেষণা খাতে প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশকে আরও শক্তিশালী ও টেকসই করবে।’
আরও পড়ুন: জবিতে বাসের ওপর উপড়ে পড়ল গাছ
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একুশ বছরের পথচলায় শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের সফল গবেষণা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, গবেষণা অ্যাওয়ার্ড, মেধা ও আবাসন বৃত্তি চালুর পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ক্লাস শুরু ও পরিচয়পত্র বিতরণ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ এবং অনলাইনে একাডেমিক ডকুমেন্টের আবেদন মডিউল চালু হয়েছে। শিগগিরই ‘কুইক রেসপন্স’ অ্যাপ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার গুণগত মান নিশ্চিত করতে গবেষকদের আরও মনোযোগী হতে হবে। এ অনুদান গবেষণার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক এবং গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (থিসিস) পর্যায়ের ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমফিল পর্যায়ের ৪৯ জনকে জনপ্রতি ২৪ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের ৯৫ জন পিএইচডি গবেষককে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৪২ জন গবেষকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা।
প্রতিনিধি/এমআই




