আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের একটি প্রতিনিধিদল।
রোববার (১২ জুলাই) বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে এ মতবিনিময় সভার আয়োজন করেন বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
প্রতিনিধিদলে ছিলেন পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের ডিন ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রশাসনিক ব্যবস্থাপক জুং চুন লি।

সফরকালে প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পরে প্রতিনিধিদল বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উপাচার্য শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/এসএস




