বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

জবিতে ‘সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

জবিতে ‘সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে সীরাত পাঠক ফোরাম জবি'র উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ঢাকা মেইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উৎসবমুখর পরিবেশে সীরাত পাঠক ফোরাম জবি'র উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘রাসূলে আরাবি (সা.)’ সীরাত গ্রন্থের ওপর ভিত্তি করে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে অনলাইনভিত্তিক এ দাওয়াহ সংগঠনটি।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতার প্রথম পর্ব, অর্থাৎ বহুনির্বাচনি পরীক্ষা, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কঠোর ও নিখুঁত মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩২৬ ও ৩২৭ নম্বর কক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীরাত পাঠক ফোরাম, জবি'র পরিচালক মো. মিলন হাসান এবং সহকারী পরিচালক মো. রাসেল। এছাড়াও ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব মোহাম্মদ ফারুক ও মো. শাকিল আহমেদ।

প্রতিযোগিতার সার্বিক সাফল্য নিয়ে সীরাত পাঠক ফোরাম, জবি'র পরিচালক মো. মিলন হাসান জানান, শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও নৈতিকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২০ সাল থেকে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। আজকের তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে সীরাত পাঠের কোনো বিকল্প নেই।

আয়োজনের সমাপ্তি ও ফলাফল প্রসঙ্গে ফোরামের সহকারী পরিচালক মো. রাসেল বলেন, ‘বহুনির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে আমরা সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করেছিলাম। অত্যন্ত সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই আমরা যথাযথ মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করব এবং এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে, ইনশাআল্লাহ।’

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আয়োজকরা আশাবাদ প্রকাশ করেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সামনের দিনগুলোতেও সীরাত পাঠক ফোরাম, জবি'র এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর