পুরস্কার বিতরণ ও বিজয়ীদের উচ্ছ্বাস- উৎফুল্লের মধ্য দিয়ে শেষ হলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬। শনিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকরা জানান, এবারের অলিম্পিয়াডে দেশের ৮৪টি ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপ থেকে সেরা ৯৯ জনকে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
বি গ্রুপে দ্বিতীয় রানার আপ হওয়া সুস্মিতা দাস বলেন, ‘প্রথমবার কোনো গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েই তৃতীয় স্থান অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়বে বলে আশা করি, যাতে আরও বেশি শিক্ষার্থী নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পায়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব রেজাইনা, কানাডার জাস্টিস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ। তিনি বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু অংশগ্রহণ করলেই হবে না, সেরাদের কাতারে জায়গা করে নেওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। নতুন চিন্তা, নিয়মিত অনুশীলন এবং জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর মধ্য দিয়েই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে।’
ক্লারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা, উৎসাহ ও সহায়তা দেওয়া প্রয়োজন। তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’
অনুষ্ঠানে আরও ছিলেন লক্সব্রিজ স্কুলের প্রিন্সিপাল উসমান গণী আজম খান, ক্লারিয়ন কলের নির্বাহী সম্পাদক মো. নিয়ামত উল্লাহ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক মানের গণিত প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে গড়ে তুলতে ২০২৪ সাল থেকে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড আয়োজন শুরু হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ঢাকার সাতটি অঞ্চলের নয় জায়গায় ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/ক.ম/




