সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

টিএসসিতে শুরু হলো ডাকসুর ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

টিএসসিতে শুরু হলো ডাকসুর ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’
ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’। 

বুধবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে আয়োজনে এ মেলার উদ্বোধন হয়। প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২৪ ও ২৫ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ শিক্ষা মেলা। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ার জন্য ইরাসমাসের রিজিওনাল ম্যানেজার ও ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ফোকাল পয়েন্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান, আপগ্রেড জিএসপির কান্ট্রি ডিরেক্টর ফয়সল খান এবং ইরাসমাস মুন্ডুস স্কলার ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মো. জাহিদুল ইসলাম মিয়াজী প্রমুখ।

ডাকসু সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ কাউন্সিলররা অংশ নিয়েছেন। আগত শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য ও পরামর্শ গ্রহণ করছেন।

International_education_expo_3

এক্সপোতে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিষয় নির্বাচন, প্রোফাইল মূল্যায়ন, বৃত্তির সুযোগ, আর্থিক পরিকল্পনা, ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিসহ বিদেশে পড়াশোনার পুরো প্রক্রিয়া নিয়ে একান্ত পরামর্শসেবা দেওয়া হচ্ছে। ফলে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন।

আয়োজকরা জানান, এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে তিন শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আইইএলটিএস পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি অর্জনের কৌশল, ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক চাকরির বাজার নিয়ে একাধিক তথ্যবহুল সেমিনারের আয়োজন করা হয়েছে।

এক্সপো ঘুরে দেখা যায়, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সদ্য স্নাতকরা বিভিন্ন স্টলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। কেউ ভর্তি যোগ্যতা সম্পর্কে জানতে চাইছেন, কেউ বৃত্তির সুযোগ, আবার কেউ বিদেশে পড়াশোনার খরচ ও জীবনযাত্রা নিয়ে পরামর্শ নিচ্ছেন। অনেকেই নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তাৎক্ষণিকভাবে প্রোফাইল মূল্যায়নের সুবিধাও গ্রহণ করছেন।

শিক্ষার্থীরা জানান, একই স্থানে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে তাদের অনেক ভুল ধারণা দূর হচ্ছে। পাশাপাশি আবেদন ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা করতে সুবিধা হচ্ছে।

শিক্ষার্থী মাহিন রায়হান বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিয়ে অনেক দিন ধরেই আগ্রহ ছিল। তবে কোথা থেকে শুরু করব কিংবা বৃত্তি পাওয়ার সুযোগ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না। এই এক্সপোতে এসে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি। এতে আবেদন প্রক্রিয়া, বিষয় নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। 

International_education_expo_1

ডাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। অনেক শিক্ষার্থীই স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে চান, কিন্তু কীভাবে আবেদন করতে হবে, কোথা থেকে শুরু করবেন, কী কী কাগজপত্র প্রয়োজন, আবেদন প্রক্রিয়া কী এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতটুকু, এসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকে না। সেই প্রয়োজন থেকেই ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই এক্সপোতে দুটি প্রধান আয়োজন রয়েছে। একটি হলো ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং এবং অন্যটি আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার। কাউন্সেলিংয়ের জন্য ৪০টিরও বেশি বুথ রাখা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের সিজিপিএ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিনামূল্যে প্রোফাইল মূল্যায়ন করা হবে। কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে পড়ার জন্য একজন শিক্ষার্থী উপযুক্ত, সে বিষয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত পরামর্শ দেবেন।

মাজহারুল ইসলাম আরও বলেন, এক্সপোতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুত, তাদের জন্য তাৎক্ষণিক ভর্তি-সংক্রান্ত প্রাথমিক সহায়তা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর