সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নাম-জন্মতারিখ সংশোধনে দালালচক্র থেকে সতর্ক করল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১১:২২ পিএম

শেয়ার করুন:

নাম-জন্মতারিখ সংশোধনে দালালচক্র থেকে সতর্ক করল শিক্ষা বোর্ড

নিজের নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত করে দেওয়ার কথা বলে কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এ ধরনের প্রতারণা এড়াতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করে সরাসরি বোর্ডের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২০ জুন) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডে জমা হওয়া নাম, জন্মতারিখসহ বিভিন্ন সংশোধন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।

তবে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে বোর্ডের নজরে এসেছে। এসব প্রতারণার কারণে অনেক আবেদনকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় আবেদনকারীদের কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার পাশাপাশি কাউকে কোনো ধরনের অর্থ না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আবেদন সংক্রান্ত কোনো তথ্য, সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবন, লিফট-৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোর্ড কর্তৃপক্ষ দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে সবাইকে প্রতারণা থেকে সতর্ক থাকার এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

এম/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর