শুধু ডিগ্রি অর্জনের মধ্যে শিক্ষাজীবনকে সীমাবদ্ধ না রেখে দক্ষতা ও উৎপাদনশীলতার মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করাই আগামী দিনের অন্যতম বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে শিক্ষিত তরুণ সমাজের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে। এই বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীলতা ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিবর্তনের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নবীনদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, জাকসু প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআরএম



