আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮ মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
বুধবার (১৭ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর হিসেবে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW ব্যবহার করতে পারবে। এছাড়া উল্লিখিত মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিশেষ পরীক্ষা কন্ট্রোল রুম খুলেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষাসংক্রান্ত তথ্য আদান-প্রদান, জরুরি যোগাযোগ এবং সার্বিক সমন্বয় কার্যক্রম পরিচালনার জন্য এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
একই দিনে জারি করা পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুমের ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা জনসাধারণের অবগতির জন্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং সংবাদ স্ক্রলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই-মেইল ঠিকানা হলো [email protected]।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে।
এম/এআর




