অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আলোচনা সভার প্রাতিষ্ঠানিক বৈধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অক্সফোর্ডে অধ্যয়নরত এক শিক্ষার্থীর অভিভাবক মিয়া মোহাম্মদ তরুণ। অনুষ্ঠানটি সাধারণ হলরুম ভাড়া করে আয়োজন করা হয়েছে—এমন দাবির প্রেক্ষাপটে তিনি অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক গুরুত্ব ও কার্যপ্রণালী তুলে ধরেন।
ফেসবুকে অক্সফোর্ড ইউনিয়নের একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, যারা এই আয়োজনকে কমিউনিটি সেন্টারের হলরুম বা জন্মদিনের পার্টির ভেন্যুর সঙ্গে তুলনা করছেন, তারা হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অবগত নন, নয়তো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
তরুণ বলেন, অক্সফোর্ড ইউনিয়ন কোনো সাধারণ অডিটোরিয়াম বা ভাড়ার হল নয়। প্রায় দুই শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট, নোবেলজয়ী, বিপ্লবী নেতা এবং বিশ্বখ্যাত চিন্তাবিদরা এ মঞ্চে বক্তব্য দিয়েছেন। গণতন্ত্র, মানবাধিকার, রাজনৈতিক রূপান্তর ও সামাজিক পরিবর্তনের মতো আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলোই সাধারণত এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
বাংলাদেশের জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন যখন দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়ে রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে, তখন তা অক্সফোর্ড ইউনিয়নের আলোচ্য বিষয় হওয়া স্বাভাবিক। অতীতেও বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক আন্দোলন নিয়ে এখানে আলোচনা হয়েছে; বাংলাদেশের জুলাই বিপ্লবও সেই ধারাবাহিকতার অংশ।
হল ভাড়া তত্ত্বের সমালোচনা করে তিনি বলেন, বিষয়টি যদি কেবল অর্থের বিনিময়ে হল ভাড়া নেওয়ার মতো সহজ হতো, তাহলে বিশ্বের অসংখ্য রাজনৈতিক সংগঠন, লবিস্ট গ্রুপ ও বিত্তশালী ব্যক্তি প্রতিদিন অক্সফোর্ড ইউনিয়নের ব্যানারে নিজেদের প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজন করত। বাস্তবে কোনো বিষয়কে ইউনিয়নের প্ল্যাটফর্মে স্থান দেওয়ার আগে প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করা হয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তথ্যের জায়গায় গুজব প্রতিষ্ঠা করলে সত্য পরিবর্তিত হয় না। অক্সফোর্ড ইউনিয়নের মতো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্ল্যাটফর্মে জুলাই বিপ্লব নিয়ে আলোচনা হওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্জনের বিষয় নয়; বরং দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে বৈশ্বিক পরিসরে তুলে ধরার সুযোগ।
বিজ্ঞাপন
পোস্টের শেষাংশে তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে জুলাই অভ্যুত্থান আন্তর্জাতিক গবেষণা ও আলোচনার ক্ষেত্রে আরও গুরুত্ব পেয়েছে। কিছু মানুষের আপত্তি অনুষ্ঠানটির আয়োজন নিয়ে নয়; বরং জুলাই অভ্যুত্থান এখনো আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং ইতিহাসে নিজের স্থান সুদৃঢ় করছে—এটাই তাদের অস্বস্তির কারণ।
এম/এআর




