বিএনপি থেকে নির্বাচিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এদিকে একই ইস্যুতে দুপুর ১টায় প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘হিজাব-নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা’, ‘হিজাব নিয়ে বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ’, ‘বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন’ এবং ‘ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে ইবি শিবির সভাপতি ইউসুফ আলী বলেন, গতদিন সংসদের মধ্যে মনিরুল হক চৌধুরী হিজাব ও মা-বোনদেরকে নিয়ে কটূক্তি করেছে। ‘নেকাবের ভেতরে স্ত্রী বদল করা যায়’ এই কথা বলে তিনি দেশের নারী, মা ও বোনদের ইজ্জত নিয়ে কথা বলেছেন। এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অতিসত্বর দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যারা এ দেশের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের অন্তরে আঘাত হানবে তাদের বিরুদ্ধে সংসদে একটি স্থায়ী আইন পাস করতে হবে।
তিনি আরও বলেন, এ বক্তব্যের সময় বিএনপির সাংসদরাও টেবিল চাপড়িয়ে সমর্থন জানিয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইসলাম বিদ্বেষীর মহোৎসব চলছে। আমাদের কাছে মনে হয় এটা বিএনপির অভ্যন্তরীণ দলীয় সিদ্ধান্ত যে, যারা বেশি ইসলাম বিদ্বেষী ছড়াবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যদি এটা তাদের দলীয় সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ইসলামপ্রিয় তওহিদি জনতা এই ইসলাম বিদ্বেষীদেরকে এ দেশ থেকে উচ্ছেদ করতে বাধ্য হবে।
বিজ্ঞাপন

মানববন্ধনে নারী শিক্ষার্থীরা বলেন, হিজাব আমার আত্মমর্যাদার প্রতীক, হিজাব আমার অধিকার। যেখানে সংবিধানেই ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে এবং পবিত্র কুরআনে পর্দা করতে বলা হয়েছে, সেখানে পবিত্র সংসদে দাঁড়িয়ে কীভাবে তিনি এই পর্দাকে বিদ্রুপ করলেন, এটি আমাদের বোধগম্য নয়। অথচ এই নারীদের ছেলের রক্তের মাধ্যমেই স্বৈরশাসক পতন হয়েছে এবং তাদের দল ক্ষমতায় আসতে পেরেছে। উনাদেরকে কটূক্তি করা মানে সমগ্র মুসলিম জাতি এবং হিজাব নিকাব পরিধানকারী মা-বোনদের কটূক্তি করা। মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। একইসাথে প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে জাতির সামনে দেখানোর দাবি জানাচ্ছি।
প্রতিনিধি/এসএস




