সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট কেন কমল, জবাব চাইল জকসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

J
বাজেট বৈষম্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে কথা বলছেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। ছবি- জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কেন কমানো হলো- বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে এর জবাব চেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) নেতারা। 

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে জকসু আয়োজিত মানববন্ধন থেকে এই জবাব চাওয়া হয়। 


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের (ইজিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বৈষম্যের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সময়ে বলা হতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় সরকারের ক্ষোভ আছে, যার ফলে সবদিক দিয়ে জবি অবহেলিত ছিল। আমরা আশা করেছিলাম, বিএনপি সরকারের আমলে হয়তো জবির উন্নয়ন হবে। কিন্তু উল্টো এ বছরে বাজেট কমেছে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জবিতে দুটি হলের ব্যবস্থা করা হলেও এ সরকার জবির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।’

J2


বিজ্ঞাপন


জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পদের নুর মোহাম্মদ বলেন, ‘গত বছরের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বছরের বাজেট কমেছে। বৃদ্ধির পরিবর্তে কেন কমল, এর সুষ্ঠু জবাব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কাছে চাই।’

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে অবহেলিত ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমান সময়ে জবি বেশি বাজেটের দাবিদার। কিন্তু এ অর্থবছরে বাজেট কমেছে, যা দুঃখজনক। বর্তমান সরকারের কাছে অনুরোধ, বাজেট পুনর্বিবেচনা করে দ্বিগুণ করা হোক।’

জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ অনেকে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট দেওয়া হয়। 

দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর