জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ জুন) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তবে অনিবার্য কোনো কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন হলে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় (নতুন সিলেবাস) এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিভাগ ও বিষয়ভিত্তিক অন্যান্য পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে নেওয়া হবে।
রুটিনে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাকক্ষে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পৃথকভাবে জানিয়ে দেবে। প্রকাশিত সূচি অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রুটিন অনুসারে প্রস্তুতি গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের জন্য নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
এম/এএস




