বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি' (সিএফকিউএস) উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রটির অফিসিয়াল ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় গবেষণাগারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগরের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।
অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠান নিজস্ব আয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার সম্ভাবনাময় যাত্রার শুভ সূচনা হলো।’
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন কেন্দ্রটির কার্যক্রমে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে। ফলে কেন্দ্রটির সফল প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’ খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ক.ম/




