অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছেন, বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। কিন্তু বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেওয়া ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। আসন কমানো বা বিষয় বাদ দেওয়ার কোনো ইস্যু নেই।
শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপুও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দীপু বলেন, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।
এমআর




