পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে অধ্যাপক ড. হেমায়েত জাহানের নিয়োগের মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে। উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
এম/এফএ




