উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম তলার মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি থাকবেন বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার।
পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সভায় কোনো প্রতিনিধিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজ দায়িত্বে উপস্থিত থাকতে হবে বলে বোর্ড জানিয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৫ জুন সকাল ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হবে।
পরদিন ১৬ জুন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সভায় অংশ নিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এম/এমআর




