শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো ৭ জুন থেকে খুলছে।


বিজ্ঞাপন


শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত অবকাশের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।

তবে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোর ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে মাদরাসাগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এর ফলে মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের অবকাশ পাচ্ছে।

এদিকে জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আগামী কয়েক মাসেও বিভিন্ন সরকারি ও ধর্মীয় উপলক্ষে ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


বিজ্ঞাপন


সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের অবকাশও উপভোগের সুযোগ পাবে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর