বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

প্রাথমিক শিক্ষা শক্তিশালী থাকলেই বাংলাদেশ শক্তিশালী থাকবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক শিক্ষা শক্তিশালী থাকলেই বাংলাদেশ শক্তিশালী থাকবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা শক্তিশালী থাকলেই বাংলাদেশ শক্তিশালী থাকবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে, তারাই আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়েই এই বৃহৎ শিক্ষাপরিবার গড়ে উঠেছে। ১৯৮২ থেকে ১৯৮৯-৯০ সাল পর্যন্ত স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কষ্ট আমি অনুভব করেছি। সে কারণেই আমি চাই না বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কষ্ট ভোগ করুক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা ও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলসহ বিভিন্ন পর্যায়ের সফল খেলোয়াড়দের অনেকেই প্রাথমিক পর্যায়ের ক্রীড়া কার্যক্রম থেকে উঠে এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসর বাংলাদেশের মাটিতে আয়োজনের স্বপ্ন নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর