আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কারিগরি শিক্ষার পাঠ্যক্রম পরিমার্জনে উচ্চপর্যায়ের কমিটি
নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানায় সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে দেশজুড়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এজেড




