দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোর জন্য চলতি বছরের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচি অনুযায়ী, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধর্মীয়, জাতীয় ও মৌসুমি উপলক্ষ্যে দীর্ঘ ও স্বল্পমেয়াদি একাধিক ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সংশোধিত এই শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব জান্নাতুল ফেরদৌস।
বিজ্ঞাপন
সংশোধিত তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার ছুটি আগামী ৬ জুন পর্যন্ত বহাল থাকবে। মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই ছুটি মিলিয়ে মোট ১০ দিনের অবকাশ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর ২৬ জুন পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটি থাকলেও দিনটি সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলে গেছে।
আগস্ট মাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ৫ আগস্ট এবং আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে ১২ আগস্ট একদিন করে কলেজ বন্ধ থাকবে। একই মাসের ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যেও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বরে শুভ জন্মাষ্টমীর ছুটি সাপ্তাহিক বন্ধের দিনে পড়লেও ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে একদিনের ছুটি থাকবে।
অক্টোবর মাসে শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
নভেম্বরে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে ৮ নভেম্বর একদিনের ছুটি থাকবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাধারণ ছুটি পালন করা হবে।
বছরের শেষ দিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে টানা ১১ দিনের ছুটি থাকবে কলেজগুলোতে।
এছাড়া প্রতি বছরের মতো এবারও কলেজের অধ্যক্ষদের জন্য তিন দিনের সংরক্ষিত বিশেষ ছুটি রাখা হয়েছে। স্থানীয় প্রয়োজন ও বিশেষ পরিস্থিতিতে এই ছুটি ব্যবহার করা যাবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সংশোধিত শিক্ষাপঞ্জিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রমের নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ জুন শুরু হবে এবং ১ জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ২৫ জুন শুরু হয়ে ১৬ জুলাই ফল প্রকাশের মাধ্যমে শেষ হবে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শনে এলে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং পরিদর্শন বা সংবর্ধনার নামে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কোনো অতিথিকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো জাতীয় দিবসগুলোতে নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এম/এএইচ




