প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড-ডে মিলে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউ ডিবেটিং ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
বিজ্ঞাপন
ববি হাজ্জাজ বলেন, আমরা দায়িত্বে আসার আগেই চালু করা হয়েছে মিড-ডে মিল, এটি সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প। সেই জায়গায় অনেক ভুল-ত্রুটি হচ্ছে। ইতোমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি শিক্ষার্থীদের খাবারের মানের কোনো আপস করা হবে না। যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে তাদের টেন্ডার বাতিল করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের অবদানে সরকার শক্তিশালী হয়। সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমরা জানতে পারি কোথায় কোথায় অনিয়ম হয়েছে। ইতোমধ্যে আমরা বলেছি, শিক্ষার্থীদের খাবারের মান উন্নত করতে।
তিনি আরও বলেন, সমাজে মিডিয়ার প্রভাব ব্যাপক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। সাংবাদিক দায়িত্ব বেশি কথা বলা নয়, প্রশ্ন করা। অনেক রাজনীতিবিদের অভ্যাস থাকে। মাইক পেলেই বেশি কথা বলে। সাংবাদিকরা বেশি কথা বললে শুনতে পারবে না। সাংবাদিকের দায়িত্ব প্রশ্ন ছুড়ে দেওয়া এবং সঠিক জবাব বের করে নিয়ে আসা।
বিজ্ঞাপন
ববি হাজ্জাজ বলেন, ডিআরইউ বরাবরের মতো নিজের মর্যাদা ও সম্মান ধরে রেখেছে। সেইসঙ্গে বাকস্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠন। যখন কোথাও কথা বলা যেত না, তখনও এখানে সরকারের বিরুদ্ধে কথা বলা যেত।
তিনি আরও বলেন, আমরা বাক-স্বাধীনতা ও মুক্ত চিন্তায় বিশ্বাস করি। আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং সরকারের ভুল ধরিয়ে দেবেন। আপনারা ভুল ধরিয়ে দিলে আমরা সংশোধন করে নিতে পারব।
ববি হাজ্জাজ আরও বলেন, আমরা জনগণের সেবা করতে চাই। যেই সরকার জনগণের সেবা করতে চায় তাদের জানতে হবে কোথায় ভুল হচ্ছে। বলার আর লেখার স্বাধীনতা না থাকলে জানবো কীভাবে ভুল কোথায় হচ্ছে?’
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রসির চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মীর জসিম উদ্দিন। সভায় ডিআরইউ অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এএইচ




