শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ঢাকার পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন বাকৃবির ১৫ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

ঢাকার পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন বাকৃবির ১৫ শিক্ষার্থী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কোরবানির পশুর হাটে সরাসরি মাঠপর্যায়ে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে স্বাস্থ্যসম্মত পশু বিক্রয় ও সেবার মান নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত।


বিজ্ঞাপন


জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ১১টি ও উত্তর সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ১৬টিসহ মোট ২৭টি কোরবানির হাটে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে বাকৃবি থেকে ১৫ সদস্যবিশিষ্ট ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের গরুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিতে আসা বাকৃবির শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক গবাদিপশু আসছে, যার ফলে অনেক ক্ষেত্রে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। আমরা মাঠপর্যায়ে উপস্থিত থেকে অসুস্থ ও দুর্বল পশুগুলোকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং বিক্রেতা ও ক্রেতাদের সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুস্থ পশু নিশ্চিত করা এবং কোরবানির জন্য উপযুক্ত প্রাণী নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।’

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার৬০০টির বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হবে এবং এসব হাটে মোট দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।

গত ২১ মে সকালে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুর হাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসাসেবাসহ হাটের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর