শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল এবং শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রক্টরসহ ৭ জন আহত হন। এক পর্যায়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রায় ৬ ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে নূর হোসেন হলের শিক্ষার্থীরা। এসময় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

1766629447_3cec128926ed6f8b43ee

এরপর বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় ৩১ শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।


বিজ্ঞাপন


বহিষ্কারের অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর আড়াইটার সময় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ অন্যান্য ছাত্রদের ওপর হামলা করে আহত করে। ভিডিও ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে দোষী বলে সাব্যস্ত করা হয়।

এ বিষয়ে প্রশাসন থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করার কারণে তাদেরকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে অপর এক আদেশে ক্যাম্পাস ছুটি প্রদান করে শুক্রবার বিকেল ৪টার মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ প্রদান করে কর্তৃপক্ষ।

হাবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান ৩১ শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর