জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রায় ১০০ ঘণ্টা পার হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে না পারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতাকর্মীরা।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাকসুর নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ সময় বিকেল ৪টা ৩৭ মিনিট থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপরাধীর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই, দোষীদের বিচার চাই’, ‘আমার বোন নিপীড়িত কেন, সরকার জবাব দে’, ‘দোষীরা বাইরে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্রসমাজ তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। এবং এই আন্দোলনের ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রকে নিতে হবে।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘দেশে এর থেকেও অনেক বড় ঘটনা ঘটে যেখানে অপরাধীরা খুব দ্রুতই গ্রেফতার হয়। কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি অপরাধীর সম্পূর্ণ ফুটেজ থাকার পরও প্রশাসন তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের ভেতরেও একটি মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেটাতে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় পুরো ক্যাম্পাসসহ মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি




