বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, নিয়োগ পেলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

VC
অধ্যাপক ড. এম এম শরীফুল করিম ও অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন এখানকার ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। একইদিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউট্যাব) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত যেটি আগে হবে তারা উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাচিত সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর