জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন ও চার দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৩ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, ‘ক্যাম্পাসে এমন স্পর্শকাতর ঘটনা ঘটার পরও প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হননি। এই অনুপস্থিতি প্রমাণ করে যে, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আন্তরিক নন।’
তিনি দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে শিবিরের নেতাকর্মীরা প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও কোষাধ্যক্ষের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবিগুলো হলো: জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করা, নিরাপত্তা জনবল বৃদ্ধি, অরক্ষিত প্রবেশদ্বার ও সীমানাপ্রাচীর সংস্কার এবং ক্যাম্পাসে কর্মরত বহিরাগত শ্রমিকদের ডাটাবেজ তৈরি করে নজরদারি বাড়ানো।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন নির্জন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে ওই শিক্ষার্থী রক্ষা পান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রতিনিধি/একেবি




