বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনারের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, প্রকাশনা আমাদের মেধা ও মননের বহিঃপ্রকাশ। প্রকাশনা উৎসবের মাধ্যমে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা গঠনমূলক কাজের একটি উদ্যোগ নিয়েছে। যারাই এরকম ভালো কাজ করবে আমরা তাদেরকে সমর্থন করব। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। এখানে ছাত্রশিবিরের পরিচিতিমূলক বিভিন্ন বই, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা এবং কলম, প্যাড, চাবির রিংসহ প্রায় সাড়ে তিনশ’ প্রকারের প্রকাশনী উপকরণ প্রদর্শন করা হয়েছে। এত সুন্দর আয়োজনের জন্য জবি শিবিরের দায়িত্বশীলদের ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন
ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ছাত্রশিবির একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। যে কারণে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন প্রকারের প্রকাশনা সামগ্রী বের করে আসছে। এগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই, তাদের জ্ঞানার্জন ও পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে চাই।
তিনি আরো বলেন, আমাদের সকল প্রকাশনা একসঙ্গে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য আমরা ক্যাম্পাসগুলোতে প্রকাশনা উৎসব করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ আয়োজন করেছে। আমি এই উৎসবের সফলতা কামনা করছি।
শাখা ছাত্রশিবির সভাপতি মো. আব্দুল আলিম আরিফ বলেন, আমাদের এই প্রকাশনা উৎসব আজ থেকে দুইদিন ব্যাপী চলবে। দুইটি স্টলে ছাত্রশিবিরের প্রকাশনা সমাগ্রী প্রদর্শন করা হয়েছে। এ ছাড়াও স্টলের সামনে সুসজ্জিত একটি ফটোবুথ বসানো হয়েছে। পাশাপাশি সারাদিনব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কফি স্টলে কফি পরিবেশন করানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, জবি শিবিরের প্রচার ও সমাজসেবা সম্পাদক ও জকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এফএ




