বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ভিকারুননিসায় ক্লাসে অনুপস্থিত থাকলে গুনতে হবে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

ভিকারুননিসায় ক্লাসে অনুপস্থিত থাকলে গুনতে হবে জরিমানা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন ক্লাসে অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে। বৃহস্পতিবার (৭ মে) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নিয়মিত শিক্ষাক্রমে সম্পৃক্ততা বাড়ানো, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শৃঙ্খলা বজায় রাখতে অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়নের (সিএ-৫) নম্বর দেওয়া হবে। ৯১ থেকে ১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১ থেকে ৯০ শতাংশ উপস্থিতির জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশ উপস্থিতির জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশ উপস্থিতির জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর দেওয়া হবে না।

এ ছাড়া অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিতে হবে। অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের সনদও দাখিল করতে হবে। তবে গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য স্কুল শাখায় ৫০ টাকা এবং কলেজ শাখায় ১০০ টাকা হারে অনুপস্থিতি ফি দিতে হবে, যা বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রেণিশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে পরিচালিত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুরুত্বপূর্ণ নোটিশ জানানো হবে। অভিভাবকদের শুধু প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নূন বাতায়ন এবং শ্রেণিশিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত তথ্য অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ একাডেমিক ব্যবস্থাও নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


এম/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর