বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ ছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩০৭ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে ছাত্র ১৯১ জন এবং ছাত্রী ১১৬ জন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/একেবি




