শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) এই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল বাসে এই সিস্টেম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
লাইভ ট্র্যাকিং সিস্টেমের সুবিধাগুলো
- তাৎক্ষণিক অবস্থান: শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান জানতে পারবেন।
- সময় সাশ্রয়: নির্দিষ্ট স্টপেজে বাস কখন পৌঁছাবে, সে সম্পর্কে আগাম তথ্য পাওয়া যাবে।
- নোটিফিকেশন: কোনো কারণে বাস চলাচলে বিলম্ব হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।
বিজ্ঞাপন
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে আগামী ৭ মে পরীক্ষামূলকভাবে দুটি বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে। এই কার্যক্রম সফল হলে বিশ্ববিদ্যালয়ের সব কটি বাসে এই আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাসের জন্য আমাদের অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু বাসটি আসলে কোথায় আছে তা জানার কোনো উপায় থাকে না। লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু হলে সহজেই বাসের অবস্থান জানা যাবে। এতে আমাদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ।’
প্রতিনিধি/একেবি




