বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাত পর্যন্ত তিতুমীরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৩:৫৮ এএম

শেয়ার করুন:

T
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন তিতুমীর কলেজের ছাত্রীরা। ছবি- সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ফের আওয়াজ উঠল। এবার ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করলেন সরকারি তিতুমীর কলেজের ছাত্রীরা। 

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে তিন ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে এ বিক্ষোভ করেছেন তারা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। রাত ১২টার পরও চলছিল সে বিক্ষোভ।

জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়।

এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি। 

এর আগে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমন দাবি ওঠে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর