সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদনের শেষ সময় ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদনের শেষ সময় ৩০ জুন
প্রতীকী ছবি

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। চলতি বছরের মে-জুন প্রান্তের জন্য অনলাইন আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সোমবার (৪ মে) ট্রাস্টের সহকারী পরিচালক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত এবং বর্তমানে চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা চলাকালে একবারের জন্য এই অনুদান পাবেন। তবে দুর্ঘটনার সময় এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরের মধ্যে বা সর্বোচ্চ এক বছরের ব্যবধানে হতে হবে। দুর্ঘটনাজনিত আঘাত ছাড়া অন্য কোনো অসুস্থতার ক্ষেত্রে এই অনুদান প্রযোজ্য হবে না।

আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে ৪.০০-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।


বিজ্ঞাপন


আবেদনের সঙ্গে দুর্ঘটনার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ের সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া চিকিৎসা সনদ আপলোড করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি সংযুক্ত করতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

আবেদনকারী বা তার অভিভাবকের সচল অনলাইন ব্যাংক হিসাব না থাকলে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না বলেও জানানো হয়েছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর