বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে নতুন করে পছন্দক্রমের (চয়েস লিস্ট) ফরম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ১ মে। এই প্রক্রিয়া চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (academic.juniv.edu) প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সংগৃহীত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, অনলাইনে পূরণকৃত পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে। 

এসব কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সশরীরে উপস্থিত থেকে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর