জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছেন।
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম।
অনুষ্ঠানে ট্রাস্টের প্রবর্তক ও জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন বলেন, ‘২০০১ সাল থেকে ট্রাস্টটি সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিকী অনুষদের শিক্ষকদের পালাক্রমে সর্বাধিক গবেষণা প্রকাশনার স্বীকৃতি দিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা এবং মানসম্মত গবেষণার পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতি বছরের গবেষণা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে যোগ্য শিক্ষককে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।’
উক্ত অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




