জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক ১৭ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর আয়োজনে শুরু হওয়া এই কর্মশালাটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্প এবং এসরি বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। তৃতীয় ও চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী বক্তব্যে ভিসি ড. কামরুল আহসান ডিজিটাল লার্নিং ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মগুলো সবার জন্য সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি আরও উল্লেখ করেন যে, জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তিতে দক্ষ জনবল দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং সিইজিআইএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসাইন সরকারসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসরি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাদি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপকরা উপস্থিত ছিলেন। ১৭ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হবে।
প্রতিনিধি/একেবি




