৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এ মনোনয়ন স্থগিত থাকা ২৩ জন প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৬ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা এক প্রার্থী ইতোমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দিয়েছেন। প্রার্থী ফাতেমা তুজ জোহরা তাজিনকে কমিশন নির্ধারিত ৩১ মার্চের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে বিএমডিসি সনদ দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিএমডিসি সনদ না থাকায় স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে ১৯০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন রয়েছেন।
প্রয়োজনীয় সনদ নির্ধারিত প্রক্রিয়ায় দাখিল করায় এসব প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। তবে কিছু প্রার্থীর সনদ যাচাই-বাছাই চলমান থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল।
পরে জানানো হয়, অবশিষ্ট ২৪ জন স্থগিত প্রার্থীর বিষয়ে দ্রুত নির্দেশনা দেওয়া হবে। সর্বশেষ বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমে ২৩ জনে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।
এম/এএস




