জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ওয়েবসাইটের মাধ্যমে সেমিস্টার ফলাফল প্রকাশ শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ফলাফল দেখার প্ল্যাটফর্ম উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজ নিজ আইডি দিয়ে লগইন করে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ অপশনে গিয়ে নির্দিষ্ট সেমিস্টার নির্বাচন করে সহজেই ফলাফল দেখতে পারবেন। এতে ফলাফল জানার প্রক্রিয়া হবে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ।
বিজ্ঞাপন
নিয়ন্ত্রক দফতর (কন্ট্রোলার অফিস) জানায়, বর্তমানে প্রকাশিত সেমিস্টারগুলোর ফলাফলই কেবল পোর্টালে দেখা যাচ্ছে। তবে আগের সব সেমিস্টারের ফলাফল যুক্ত করতে আরও কয়েক দিন সময় লাগবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি উন্নয়ন কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিওন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন একটা কার্যকরী ব্যবস্থা করে দেওয়া অবশ্যই প্রশংসাযোগ্য। কারণ, এমন এডভান্স লেবেলের ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও বেশি অগ্রসর হতে সাহায্য করবে। সাধারণ শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক জকসুর মাধ্যমে এই সিস্টেম টা আনায়ন করার জন্য তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
জকসুর কার্যনির্বাহী সদস্য আকিব হাসান বলেন, অনলাইনে ফলাফল দেখার এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা তৈরি করবে। দ্রুতই সব সেমিস্টারের ফলাফল এখানে যুক্ত হবে বলে আমি আশা করছি।
আকিব হাসান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে চালু হওয়া এই পোর্টালকে শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রতিনিধি/ক.ম




