দেশের উচ্চশিক্ষা ও গবেষণার পথ আরও সুগম করতে ‘প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল’-এর আওতায় পিএইচডি বৃত্তি কার্যক্রম শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৃত্তির আওতায় নির্বাচিত গবেষকরা মাসিক আকর্ষণীয় ভাতার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এই বৃত্তি সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত একজন পিএইচডি গবেষক প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।
এই বৃত্তি তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামের জন্য দেওয়া হবে। মাসিক ভাতার পাশাপাশি গবেষকরা নীতিমালায় উল্লিখিত অন্যান্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধাও পাবেন।
বৈঠকে জানানো হয়, আগামী ২০২৬-২০২৭ অর্থবছর থেকেই এই বৃত্তির জন্য আবেদন আহ্বান করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
মূলত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মান উন্নয়ন এবং মেধাবীদের গবেষণায় উৎসাহিত করতেই এই উদ্যোগ।
উচ্চপর্যায়ের সভায় উপস্থিত ছিলেন পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান।
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
বিইউ/এএইচ




