শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: মামলার সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৮ এএম

শেয়ার করুন:

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: মামলার সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত এবং অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর যে স্বাধীন সাংবাদিকতার প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা প্রশ্নবিদ্ধ করছে। গত দুই দিনে ধারাবাহিকভাবে সাংবাদিকদের হেনস্তা এবং সর্বশেষ শাহবাগ থানায় সরাসরি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, কথিত ফেসবুক পোস্ট কেন্দ্রিক উত্তেজনার খবর সংগ্রহ করতে সাংবাদিকরা থানায় গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ভিডিও ধারণে বাধা দেয়। প্রতিবাদ জানালে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত ছাত্রদলের প্রায় ১৫০-২০০ জন নেতাকর্মী ‘মব’ তৈরি করে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব। আমাদের ওপর হামলার পরই পরিস্থিতি আরও অবনতি হয়।’ তিনি আরও দাবি করেন, পূর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতায় এটি সাংবাদিকদের জন্য একটি স্পষ্ট ‘হুমকি’। এই হামলায় সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়-
১. হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
২. জড়িত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।
৩. সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।


বিজ্ঞাপন


সংগঠনের নেতারা জানান, আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় হামলাকারীদের ছাত্রত্ব বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হবে এবং শাহবাগ থানায় মামলা দায়ের করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর