শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরীক্ষার হলে জানালার ফাঁকে চোখ, ফের আলোচনায় মন্ত্রী মিলন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

পরীক্ষার হলে জানালার ফাঁকে চোখ, ফের আলোচনায় মন্ত্রী মিলন
জানালার ফাঁক দিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

রাজধানীর এক পরীক্ষাকেন্দ্রে শনিবার সকালে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। কোনো কোলাহল, ভিড় বা আনুষ্ঠানিকতার আড়ম্বর নয়—শুধু নীরব উপস্থিতি। হলরুমের বাইরে দাঁড়িয়ে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ভেতরে যখন পরীক্ষার্থীরা পূর্ণ মনোযোগে এমসিকিউ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, বাইরে দাঁড়িয়ে মন্ত্রী যেন দেখছিলেন পুরো ব্যবস্থাপনার শৃঙ্খলা, পরিবেশ ও স্বচ্ছতার চিত্র। তার এই নীরব পর্যবেক্ষণের মুহূর্তই দিনশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। তবে অন্যান্য সময়ের আনুষ্ঠানিক পরিদর্শনের চেয়ে এদিনের দৃশ্য ছিল কিছুটা ভিন্ন—ছিল নীরবতা, ছিল মনোযোগ, আর ছিল সূক্ষ্ম পর্যবেক্ষণ।

মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখছেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় আলোচনা। অনেকেই বিষয়টিকে দেখছেন প্রতীকী এক বার্তা হিসেবে—পরীক্ষা ব্যবস্থার ওপর সরাসরি নজরদারির একটি ভিন্ন ভঙ্গি।

পরিদর্শনের সময় মন্ত্রী রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ বিভিন্ন কেন্দ্র তিনি পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে তিনি পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা নিয়ে খোঁজখবর নেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সীমানা নির্ধারণ ডিএমপির


বিজ্ঞাপন


পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনোভাবেই যেন পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ না হয় এবং প্রার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন।

আরও পড়ুন: পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে একটি ধাপ শেষ হয়েছে এবং বাকি ধাপগুলো দিনব্যাপী বিভিন্ন সময়ে সম্পন্ন হবে। রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার সার্বিক সুষ্ঠুতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে প্রতিটি কেন্দ্রে। পাশাপাশি নজরদারি ও প্রশাসনিক তদারকিও জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া ব্যবস্থার মধ্যে মন্ত্রীর এই নীরব পর্যবেক্ষণের দৃশ্যই দিন শেষে আলাদা করে নজর কাড়ে সাধারণ মানুষের।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর