শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে দেশের সাড়ে ১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আওতায় ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় এই সেবা চালু করা হবে। এতে শিক্ষার্থীরা সহজে অনলাইন শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারবে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সরকারপ্রধান। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এ বিষয়ে লিখিত প্রশ্ন করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মসূচির ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোর শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে।
এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। ভিসা পাওয়ার আগেই যোগ্যতার প্রমাণের ভিত্তিতে এই ঋণ পাওয়া সহজ হবে।
এআর




