বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

চিকিৎসক আকনের বদলি বাতিলের দাবি ঢামেক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

A
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) স্পাইন সার্জারি বিভাগের ইনসিটু অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) স্পাইন সার্জারি বিভাগের ইনসিটু অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বদলির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক, অন্যায় ও অপমানজনক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ঢামেক শিক্ষার্থীরা বলেন, প্রখ্যাত স্পাইন সার্জন ডা. শহীদুল ইসলাম আকনকে পুনরায় ওএসডি হিসেবে বদলির সিদ্ধান্ত তাদের কাছে গভীর উদ্বেগ ও ক্ষোভের কারণ হয়েছে। তারা মনে করেন, এই সিদ্ধান্ত একজন দক্ষ ও মানবিক চিকিৎসকের প্রতি অবিচার।


বিজ্ঞাপন


বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনের সময় বহু মানুষ গুরুতর আহত হলে ডা. আকন প্রশাসনিক চাপ ও হুমকি উপেক্ষা করে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের চিকিৎসাসেবা দেন। তার এই সাহসী ভূমিকার কারণেই তাকে ওএসডি করা হয়েছিল, যা পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বাতিল হয়।

শিক্ষার্থীরা আরও জানান, আগস্ট-পরবর্তী সময়ে তিনি ছাত্র হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করেছেন। তার উদ্যোগে হলের ক্যান্টিন পুনর্বাসন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, ফ্রিজ সরবরাহ এবং ফগিং মেশিনের ব্যবস্থা করা হয়, যা শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিবৃতিতে বলা হয়, ডা. শহীদুল ইসলাম আকন দেশের স্পাইন সার্জারির একজন সুপরিচিত ও দক্ষ চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল ও চ্যালেঞ্জিং রোগীদের সফলভাবে চিকিৎসা দিয়ে আসছেন। রোগীদের প্রতি তার আন্তরিকতা, মানবিকতা ও পেশাগত দক্ষতা সর্বজনস্বীকৃত।

এমন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে পুনরায় ওএসডি করা তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত মর্যাদার জন্য অবমাননাকর বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত হাসপাতালের রোগীসেবা ও শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।


বিজ্ঞাপন


অতএব, ঢামেক শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ডা. শহীদুল ইসলাম আকনকে তার পূর্ববর্তী কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর