বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) বাবদ চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
সোমবার (১৩ এপ্রিল) অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। এ ভাতার অর্থ চারটি চেকের মাধ্যমে বণ্টনকারী ব্যাংকগুলোর প্রধান ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
১৩ এপ্রিল স্মারক নম্বর অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক পৌঁছে দেওয়া হয়। শিক্ষক-কর্মচারীরা ১৪ এপ্রিলের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি এবং ফাযিল ও কামিল পর্যায়ের মাদরাসা যথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি।
এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
বিজ্ঞাপন
এম/এএইচ




