পানি ও বিদ্যুতের অপচয় রোধে সচেতনতা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রচারপত্র বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
কর্মসূচির উদ্যোক্তা ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুতের অপচয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দৈনন্দিন জীবনের ছোট ছোট অসচেতনতাই বড় সংকটের কারণ হয়ে দাঁড়ায়। তবে সামান্য সচেতনতা ও অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে এ অপচয় অনেকটাই কমানো সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তৌহিদুল ইসলাম বলেন, হলগুলোতে একসঙ্গে বসবাসের কারণে সামান্য অসতর্কতাও বড় ক্ষতির কারণ হতে পারে। ব্যবহার শেষে পানির ট্যাপ বন্ধ রাখা এবং প্রয়োজন ছাড়া লাইট-ফ্যান বন্ধ রাখা—এ ধরনের ছোট উদ্যোগই সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে পারে।
কর্মসূচিতে আরও ছিলেন ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।
এসএইচ/ক.ম




