গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা। তিনি বলেন, সম্প্রতি ঘোষিত ২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে, যা সরকারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রশ্ন তোলে। তার ভাষ্য অনুযায়ী, কোনো গোষ্ঠীর প্রভাবেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি। তিনি বলেন, যদি সরকারের বৈধতা থাকে, তবে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া ম্যান্ডেটও সম্মান করতে হবে।
বিজ্ঞাপন
সংগঠনের জাবি শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে সেই আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। তার মতে, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংসদে এ বিষয়ে নীরবতা জনগণের রায়ের প্রতি অবহেলার পরিচায়ক। সরকার নিজেদের ঘোষিত সংস্কার এজেন্ডা থেকেও সরে আসছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা দ্রুত জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এম/ক.ম




