বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইবিতে তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইবিতে তদন্ত কমিটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করা ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলীকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


কমিটির অন্য সদস্যরা হলেন— ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হক। এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

জানা যায়, গত ৩০ মার্চ রাতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান

এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, গত ৩০ মার্চ পোস্টটি আমার দৃষ্টিগোচর হলে আমি প্রশাসনকে বিষয়টি অবগত করি এবং প্রতিবাদ জানাই। কিছু ভুঁইফোঁড় পেজ থেকে বাক্‌স্বাধীনতার নামে নোংরামি, কুরুচিপূর্ণ মন্তব্য, মানুষের চরিত্র হনন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া একটি সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। এছাড়া, ভুঁইফোঁড়, ফেইক আইডি শনাক্তসহ তদন্ত কমিটি থেকে দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা ও শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে খুনিদের গ্রেফতারের দাবি জানান তিনি।


বিজ্ঞাপন


এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী বলেন, গতকাল আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। টেকনিক্যাল ও আইনি—দুই দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদানের চেষ্টা করব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর