বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

৬০ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণে নানা উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

T
স্কুলে পাঠদান করছেন একজন শিক্ষক। ফাইল ছবি

দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে ৬০ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লার টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি জানান, ‘দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সরকারি ও এমপিওভুক্ত কলেজে শূন্যপদের সংখ্যা নিম্নরূপ: সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদে ৬৫৬টি এবং সদ্য সরকারিকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের ২ হাজার ৪১০ টি শূন্য।

এছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে এবং এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য মোট ১ হাজার ৩৪৪টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন


bvnew
সংসদে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি- সংগৃহীত

তিনি জানান, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

তিনি জানান, এ লক্ষ্যে ২৯ মার্চ ই-রিক্যুজিশন (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্যপদ পূরণের জন্য অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শূন্যপদগুলো দ্রুত পূরণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর