ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, (কামিল মাস্টার্স) শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সর্বশেষ ধাপ। এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে নকলমুক্ত ও গুনগত মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে (কামিল মাস্টার্স) ১ বছর মেয়াদী পরীক্ষা-২০২৪ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক কেন্দ্রীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সভায় বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্রসমূহের সমন্বয়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, একজন দক্ষ ও আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং কেন্দ্র সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভিসি আরও বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুললে একটি ইতিবাচক শিক্ষা পরিবেশ তৈরি হবে, যা পাঠদান থেকে শুরু করে পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে এবং এর মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি জোর দিয়ে বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে সুশাসন ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় রয়েছে। মাদরাসা শিক্ষার আধুনিকায়নে অধ্যক্ষদের গঠনমূলক মতামতকে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
নকল প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে ভিসি আরও বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর নকল রোধে গৃহীত সকল পদক্ষেপ অনুসরণ করে সকল পরীক্ষা কেন্দ্রে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী। এসময় ঢাকা আলিয়া মাদরাসা, বগুড়া সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদরাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসা ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ

